ধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দাবিতে বশেমুরবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের মানববন্ধন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:১২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:১২
'জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড' ব্যানারে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বরে প্রায় ৩০০ বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি ও হামলাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের সোমালিয়ান শিক্ষার্থী আদম বলেন, যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। আমরা অত্যন্ত দুঃখিত। ধর্ষণের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। আমরা ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি চাই। এখানে কোনো নেগোসিয়েশন হবে না।
কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নেপালি শিক্ষার্থী বিবেক করণ বলেন, পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা স্বাধীন নয়। আমরা ধর্ষণমুক্ত সমাজ চাই।
আরেক নেপালি শিক্ষার্থী অস্পিতা কার্তিক বলেন, আমরা এখানে নিরাপত্তাহীনতায় ভূগছি। তবে এই দেশের বিচারব্যবস্থায় আমরা এখনো বিশ্বাস করি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার পরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। ধর্ষণ মামলায় আটক ছয় আসামিকে আদালতের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা পাঁচদিন ধরে চার দফা দাবিতে আন্দোলন করছেন।
