ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অক্সিজেন প্লান্ট উদ্বোধন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অক্সিজেন প্লান্ট উদ্বোধন
×

বৃহস্পতিবার বিকেলে প্লান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০৯:১৬ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৪:২৬

অক্সিজেনের নির্ভরযোগ্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর আওতায় হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম একটি প্রেসার সুইং অ্যাডসর্পশন (পিএসএ) অক্সিজেন প্লান্ট অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, কর্পোরেট অ্যাফেয়ার্স ব্র্যান্ড ও মার্কেটিং হেড বিটপী দাস চৌধুরী, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এমএ তাহের খান ও সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পরিচালক অধ্যাপক ড. ওয়াজির আহমেদ প্রমুখ।

চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে বসানো এই প্লান্ট প্রতি মিনিটে ৪৩৬ লিটার অক্সিজেন উৎপাদন করবে। দেশের প্রথম ব্যাংক হিসেবে এই মেডিকেলে অক্সিজেন প্লান্ট অনুদান দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড। এর আগে এটিসহ তিনটি দাতব্য হাসপাতালে পিএসএ অনুদানের পরিকল্পনা ঘোষণা দিয়েছিলো ব্যাংকটি। এই প্লান্টগুলোর মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ১৭০০ লিটার পর্যন্ত অতিক্রম করবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, 'করোনা মহামারির শুরু থেকেই রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি ছিলো জরুরি। মহামারির পুরোটা সময়ই ছিল অক্সিজেনের সরবরাহের মারাত্মক ঘাটতি। ফলে রোগীদের জন্য অক্সিজেন নিশ্চিত করতে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এর অনুদান দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মাইলফলক সৃষ্টি করেছে। এর মাধ্যমে রোগীদের অক্সিজেন নিশ্চিত করার বিষয়টি অনেক সহজলভ্য হবে।'

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, 'কোভিড-১৯-এর বাস্তবতা আমাদের সমাজব্যবস্থার ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছে। মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোর  চেষ্টা করছি। এই লক্ষ্য পূরণে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে অংশীদার হিসেবে পেয়ে আমরা কৃতজ্ঞ। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।’

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এমএ তাহের খান বলেন, 'মানবতার কল্যাণে করোনা ইউনিটে রোগীদের জন্য অক্সিজেন জেনারেশন প্লান্টের ব্যবস্থা করায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ধন্যবাদ।’

গত বছর করোনা পরিস্থিতিতে ৩০টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। জনসাধারণের সেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক উন্নয়ন খাত অংশীদারদের সঙ্গে নিয়ে করোনা আক্রান্ত মানুষদের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

×