বহুমুখী ব্যবহারেই সাফল্য আসবে পাটে: অতুল সরকার
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ মার্চ ২০২২ | ০৩:১০ | আপডেট: ০৬ মার্চ ২০২২ | ০৩:১০
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, পাটের বহুমুখী ব্যবহার করতে হবে। তাহলেই পাট চাষ সাফল্য লাভ করবে, চাষীরাও লাভবান হবেন।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, পাট পাতা সবজি হিসেবে ব্যবহার করা হয়। শুকনো পাতা চা হিসেবে ব্যবহার হয়। পাটকাঠি দিয়ে উন্নত মানের কম্পিউটারের প্রিন্টারের কালি, ফটোকপি মেশিনের কালি তৈরি হয়। এছাড়াও পাটকাঠি দিয়ে পার্টেক্স বোর্ড তৈরি করা হয়। এর সঙ্গে পাটের বহুমূল্যবান আঁশতো রয়েছেই।
তিনি আরও বলেন, পাট পাতা দিয়ে চা বানানোর প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে। এছাড়া উন্নত কালি বানানোর প্রযুক্তিও সহজলভ্য করতে হবে। এসব কর্মকাণ্ড যত দ্রুত হবে, ততই কৃষকের যথাযথ মূল্যায়ন হবে।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। অন্যান্যের মধ্যে পাটকল কর্মী ও ব্যবসায়ী আবদুল্লাহ, কামাল হোসেন, রাকিবুল আলম, সিরাজ খলিফা প্রমুখ বক্তব্য রাখেন।
- বিষয় :
- ফরিদপুর
- জেলা প্রশাসক
- পাট
- জাতীয় পাট দিবস
