ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বাড়ানোর সুপারিশ

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বাড়ানোর সুপারিশ
×

বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশনের সমাপনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেনসহ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৩২

শেষ হলো তিন দিনব্যাপী ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশন। সমাপনী দিনে সামাজিক সুরক্ষা বিষয়ে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকর ও টেকসই করতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে– প্রান্তিক জনগোষ্ঠীর কভারেজ বৃদ্ধি, ডিজিটাল রেজিস্ট্রেশন শক্তিশালী করা, জলবায়ু সহনশীলতার বিষয় অন্তর্ভুক্ত এবং সব কর্মসূচিতে জেন্ডার সমতা নিশ্চিত করা।

রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনের  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি সামাজিক সুরক্ষায় অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে বলেন, ‘সামাজিক সুরক্ষা কেবল ভাতা নয়, এটি ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে ন্যায়বিচার। আসুন, আমরা এমন এক নতুন সামাজিক ব্যবস্থা গড়ে তুলি যেখানে সুরক্ষা ও ক্ষমতায়ন হাতে হাত রেখে এগিয়ে যাবে। প্রত্যেক নাগরিক নিরাপদ থাকবেন, সম্মান ও স্বপ্ন দেখার স্বাধীনতা পাবেন।’

সম্মেলনের ঘোষণাপত্র উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। ঘোষণায় অন্তর্ভুক্তিমূলক, অভিযোজনযোগ্য এবং জেন্ডার সংবেদনশীল সামাজিক সুরক্ষা কাঠামোর জন্য বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগ এ সম্মেলনের আয়োজন করে। আয়োজনে সহযোগিতা করে ইউএনডিপির সোশ্যাল সিকিউরিটি পলিসি সাপোর্ট (এসএসপিএস) প্রোগ্রাম এবং অস্ট্রেলিয়া সরকার।

সম্মেলনে বক্তারা বলেন, ন্যায্য সমাজ গঠনের জন্য শুধু শক্তিশালী সামাজিক সুরক্ষা জালই যথেষ্ট নয়, নাগরিকদের ক্ষমতায়ন, সহনশীলতা বাড়ানো এবং সবার মর্যাদা নিশ্চিত করার পথও তৈরি করতে হবে।

সমাপনী অধিবেশন সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, বিপুল জনগোষ্ঠী বঞ্চিত থাকলে আমাদের কেউই প্রকৃতপক্ষে নিরাপদ নয়। ন্যায়বিচার ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো প্রবৃদ্ধি নয়।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ডেভেলপমেন্ট সৈয়দ হায়দার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মুরশিদা শারমিন প্রমুখ। 

আরও পড়ুন

×