মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল
২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:০২ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ১২:০৮
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) আধুনিক প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে ১০ একর জমিতে গড়ে তোলা বিশেষায়িত শিল্প ক্লাস্টারে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানিটি। গতকাল রোববার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারখানাটি চালু হলে সেখানে মানসম্মত বৈদ্যুতিক তার, বিভিন্ন মডেলের সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট ও সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য উৎপাদিত হবে। দেশি বাজার চাহিদা মেটানোর পাশাপাশি যা রপ্তানি সম্প্রসারণে ভূমিকা রাখবে।
গত ১৮ ফেব্রুয়ারি বেজা ও এমইপি হাই-টেকের মধ্যে ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। মাঠ পর্যায়ে কাজ দ্রুত ত্বরান্বিত করতে বেজার তৈরি করে দেওয়া পরিকল্পনা অনুসারেই নির্ধারিত সময়ে কাজ শুরু করে কোম্পানিটি। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রয়েছে। সব ঠিক থাকলে ২০২৯ সালের জানুয়ারিতে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে যাবে। পূর্ণাঙ্গভাবে চালু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, এখানে উৎপাদিত পণ্য দেশি বাজার পুনর্দখলের পাশাপাশি বৈশ্বিক মঞ্চে মেইড ইন বাংলাদেশ পণ্যের ব্র্যান্ড ভাবমূর্তি ও প্রতিযোগিতামূলক অবস্থানকে শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এমইপি হাই-টেকের পরিচালক শকিল আলম চাকলাদার, ফাহিম আলম চাকলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- মিরসরাই
- চট্টগ্রাম
- অর্থনৈতিক অঞ্চল