এক বছরে পাটকলে লোকসান ৩১৬৮ কোটি টাকা, সংসদে পাটমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২২ | ০১:৩১ | আপডেট: ৩১ মার্চ ২০২২ | ০২:০০
গত অর্থ বছরে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন মিলগুলো তিন হাজার ১৬৮ কোটি ৪৬ লাখ টাকা লোকসান দিয়েছে। এ সময়ে মিলগুলো ব্যয় করেছিল তিন হাজার ৬৫২ কোটি ৯৪ কোটি টাকা। যেখান থেকে আয় করেছে মাত্র ৪৮৪ কোটি ৪৮ লাখ টাকা।
বৃহস্পতিবার জাতীয় পার্টির (জাপা) মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
রাঙ্গার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিজেএমসির ২৫টি পাটকলের মধ্যে ২৪টি বন্ধ রয়েছে এবং একটি ভাড়ায় চলছে। বন্ধ ২৪টির মধ্যে দুটিতে টেক্সটাইল পল্লী স্থাপন এবং দুটি পিপিপিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সরকারি দলের সাংসদ হাবীব হাসানের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমানে দেশে (২০১৮ সালের শুমারি) ৫৮৯টি তাঁত ফ্যাক্টরি ও এক লাখ ১৬ হাজার ১১৭টি ইউনিট রয়েছে। পাওয়ার লুম ব্যতীত তাঁত শিল্পে বছরে প্রায় ৪৭ কোটি ৪৭ লাখ ৪০ হাজার মিটার তাঁতবস্ত্র উৎপাদিত হয়। যা দেশের বস্ত্র চাহিদার ২৮ ভাগ (পাওয়ার লুম ব্যতীত) পূরণ হয়ে থাকে।
শরিফুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশের তাঁত সংখ্যা দুই লাখ ৯০ হাজার ২৮২টি।
বেগম লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, চলতি অর্থ বছরের ৮ মাসে ৫ দশমিক শূন্য তিন লাখ টন কাঁচাপাট রপ্তানি করা হয়েছে। এ ছাড়া গত ২০২০-২১ অর্থ বছরে ৫ দশমিক ৮৬ লাখ টন কাঁচাপাট ও ৭ দশমিক ৮২ লাখ টন পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ফেব্রুয়ারির পর্যন্ত এর ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি সম্পন্ন হলে অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু হবে।
- বিষয় :
- পাটকল
- লোকসান
- বাংলাদেশ জুট মিল করপোরেশন
