ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব

বিজ্ঞান শিক্ষার্থীরা এগিয়ে না থাকলে পিছিয়ে যাবে দেশ

বিজ্ঞান শিক্ষার্থীরা এগিয়ে না থাকলে পিছিয়ে যাবে দেশ
×

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার রংপুর অঞ্চলের বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসবে বিজয়ীদের সঙ্গে অতিথিরা - সমকাল

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ০১ এপ্রিল ২০২২ | ২৩:২০

চলছে বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসব-২০২২। গত ১৮ মার্চ আঞ্চলিক পর্যায়ের উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের এ বছরের আয়োজন। ১৮ মার্চ ঢাকা দক্ষিণ ও রাজশাহী এবং ১৯ মার্চ অনুষ্ঠিত হয় সিলেট অঞ্চলের প্রতিযোগিতা। তরুণ শিক্ষার্থীরা মেতে ওঠেন উৎসবে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো চট্টগ্রাম, রংপুর ও বরিশাল অঞ্চলের উৎসব। এদিন তিনটি ক্যাটাগরিতে চট্টগ্রামের ৪৪০ জন, রংপুরের ৫০০ জন এবং বরিশাল অঞ্চলের ১২৩ জন শিক্ষার্থী উৎসবে অংশ নেন। দিন শেষে তাদের মধ্য থেকে চট্টগ্রামের ৬৭ জন, রংপুরের ১০৭ জন এবং বরিশালের ৪৬ জন শিক্ষার্থী জায়গা করে নেন জাতীয় পর্বে।

উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিজ্ঞান চর্চা ও জয়যাত্রায় শিক্ষার্থীদের এগিয়ে থাকতে হবে। বিজ্ঞান শিক্ষার্থীরা এগিয়ে না গেলে দেশ পিছিয়ে যাবে। তারা বলেন, জীবনের প্রতিটি  ক্ষেত্রেই জীববিজ্ঞান জড়িত। জীববিজ্ঞানের বাইরে কোনো কিছু কল্পনা করা যায় না।

চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আল ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. জি এম জাকির হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক দেবব্রত দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন সমকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন, বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী, উৎসবের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাহেদ মাহমুদ।


দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রংপুর অঞ্চলের উৎসব। সকালে উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. বিধান চন্দ্র হালদার, বিডিবিওর কেন্দ্রীয় সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, সমকালের সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ এবং সমকালের দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি। উৎসবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি প্রশিক্ষণ সহযোগী এবং কারিগরি সহায়তায় ছিল ল্যাববাংলা।

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস। উপস্থিত ছিলেন উৎসবের বরিশাল অঞ্চলের উদযাপন কমিটির আহ্বায়ক ও বিডিবিওর বরিশাল বিভাগের সভাপতি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. মাহবুব রব্বানী এবং সমকালের পটুয়াখালী জেলা প্রতিনিধি ও বরিশাল অঞ্চলের জীববিজ্ঞান উদযাপন কমিটির সদস্য সচিব মুফতি সালাহউদ্দিন। প্রশ্নোত্তর পর্ব ও সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, পটুয়াখালী জেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×