ক্যাসিনোকাণ্ড: এনু-রুপনের অর্থপাচার মামলার রায় আজ
এনামুল হক এনু ও রুপন ভুঁইয়া
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২ | ২২:২৬ | আপডেট: ০৫ এপ্রিল ২০২২ | ২২:৩০
রাজধানীর ওয়ারী থানায় অর্থপাচারের অভিযোগে গ্রেপ্তার সহোদর এনামুল হক এনু ও রুপন ভুঁইয়াসহ ১১ জনের মামলার রায় আজ বুধবার ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন গত ১৬ মার্চ এ দিন ধার্য করেন।
মামলার অপর আসামিরা হলেন-মেরাজুল হক ভূঁইয়া শিপলু, রশিদুল হক ভূঁইয়া, সহিদুল হক ভূঁইয়া, জয় গোপাল সরকার, পাভেল রহমান, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম। আসামিদের মধ্যে শিপলু, রশিদুল, সহিদুল ও পাভেল মামলার শুরু থেকে পলাতক। তুহিন জামিনে আছেন। অপর ৬ আসামি কারাগারে আছেন।
জানা যায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো জুয়া পরিচালনাকারী এনুর কর্মচারী আবুল কালাম আজাদের ওয়ারীর লালমোহন সাহা স্ট্রিটের বাড়ি ঘেরাও করে র্যাব। কালামের স্ত্রী ও মেয়ের দেখানো তথ্য অনুযায়ী, ৪র্থ তলার বাড়ির দ্বিতীয় তলা থেকে দুই কোটি টাকা উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় র্যাব-৩ এর পুলিশ পরিদর্শক জিয়াউল হাসান ২৫ নভেম্বর ওয়ারী থানায় অর্থপাচার আইনে মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে ২০২০ সালের ২১ জুলাই ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে সিআইডি পুলিশ।
গত বছরের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১২টি মামলা হয়।
