বাংলাদেশকে জাতিসংঘে আরও উচ্চ আসনে নিতে চাই: রাবাব ফাতিমা
অনুষ্ঠানে বক্তব্য দেন রাবাব ফাতিমা- সমকাল
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০ | ১০:৩৫
জাতিসংঘে বাংলাদেশের অবস্থান যে উচ্চতায় উন্নীত হয়েছে, তা থেকে আরেক ধাপ ওপরে নিতে চান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। এ জন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।
গত বুধবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে রাবাব ফাতিমা সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা ও মতবিনিময় করতে এক অনুষ্ঠানের আয়োজন করেন।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বিচক্ষণ কূটনৈতিক প্রজ্ঞায় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। এ সম্পর্ক উত্তরোত্তর বাড়ছে ও বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো আরও সাফল্যের সঙ্গে জাতিসংঘে তুলে ধরতে স্থায়ী মিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তার বক্তব্যে উঠে আসে ৭৪তম জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ, রোহিঙ্গা ইস্যু, শান্তিরক্ষা কার্যক্রম, জাতিসংঘ নেতৃবৃন্দকে বাংলাদেশ বিষয়ে সচেতন করা, বিভিন্ন রেজুলেশনে সহযোগী ও সমন্বয়কের ভূমিকা পালন, নির্বাচনে বিজয়, শান্তির সংস্কৃতি রেজুলেশন গ্রহণ, জাতিসংঘের তহবিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, নিরাপত্তা পরিষদে সম্পৃক্ততা, একাত্তরের গণহত্যার আন্তর্জাতিকীকরণ, জাতিসংঘে প্রথমবারের মতো শোক দিবস পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, গ্রুপ অব ফ্রেন্ডস প্ল্যাটফর্মকে এগিয়ে নেওয়া ও কোমল কূটনীতিসহ (সফট ডিপ্লোম্যাসি) বিভিন্ন ক্ষেত্রে ২০১৯ সালে জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ ও সফলতার বিভিন্ন দিক। এসব অংশগ্রহণ ও অর্জিত সাফল্যের বিষয় সহজভাবে সারাবছর প্রবাসী বাংলাদেশিসহ জনগণের মাঝে উপস্থাপনের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি।
যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিববর্ষ উদযাপনের বিভিন্ন পরিকল্পনাসহ নতুন বছরে জাতিসংঘে বাংলাদেশের যেসব বিষয় বিশেষভাবে গুরুত্ব পাবে ও যেসব চ্যালেঞ্জ রয়েছে, সে সম্পর্কেও আলোকপাত করেন রাষ্ট্রদূত।
