বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ছাড়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ০৫:৪০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ০৬:১২
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এসব শাখা থেকে বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে রোববার শিক্ষক-কর্মচারীদের ঈদের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনুদান বন্টনকারী ব্যাংক থেকে উৎসব ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।