ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

চীন থেকে ফিরছেন ৩৬১ বাংলাদেশি

চীন থেকে ফিরছেন ৩৬১ বাংলাদেশি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ১৩:৪৮

করোনাভাইরাস সংক্রমিত চীনের উহান রাজ্যে আটকে পড়া ৩৬১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার মধ্যরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। আটকে পড়াদের ফিরিয়ে আনতে গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে উহানের পথে ছেড়ে যায়। ঢাকায় ফেরার পর তাদের সবাইকে আশকোনা হজ ক্যাম্পে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। একই সঙ্গে তাদের নিরাপত্তার দায়িত্বে পুলিশ সদস্যরাও থাকবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ডিজিএম তাহেরা খন্দকার জানান, উহান রাজ্যের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি ঢাকা ছেড়েছে। ৪১৯ আসনবিশিষ্ট উড়োজাহাজটি আটকে পড়াদের নিয়ে বাংলাদেশ সময় রাত ২টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান সংবাদ সম্মেলন করেন। এ সময় চীন-ফেরত বাংলাদেশিদের পর্যবেক্ষণের ১৪ দিন তাদের সঙ্গে দেখা করার জন্য স্বজনদের ব্যাকুল না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চীন থেকে যারা ঢাকা আসছেন, তাদের খবর সময় সময়ে জানানো হবে। হজ ক্যাম্পে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

জাহিদ মালেক বলেন, আশকোনায় হজ ক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষার পর সুস্থদের বাড়ি যেতে দেওয়া হবে। আর কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমাদের ছেলেমেয়েদের আনার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। তারা দেশের সন্তান, তাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আবার এটাও আমাদের দায়িত্ব, এ রোগ যেন ছড়িয়ে না পড়ে। আমাদের দেশ যাতে নিরাপদ থাকে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।'

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল। চীনের উহান রাজ্যে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের দুরবস্থার কথা শুনে তাদের দেশে ফেরাতে তিনি নির্দেশ দিয়েছেন। চীন সরকার বলেছিল, ১৪ দিনের আগে তাদের আসার অনুমতি দেবে না। বৃহস্পতিবার চীন সরকার তাদের আনার অনুমতি দেয় আর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে আটকে পড়াদের ফিরিয়ে আনতে নির্দেশ দেন।

আরও পড়ুন

×