ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
×

প্রথম বিদেশ সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাসস

প্রকাশ: ২৬ জুন ২০২৬ | ১৬:৪৭

ছয়দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৫টায় (বাংলাদেশ সময় সোয়া ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটে সরকারপ্রধান ও তার সফর সঙ্গীরা বেইজিং তাসিং বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে চীন সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানো হয়।

এয়ারলাইন্সটির তথ্য অনুযায়ী, বেইজিং-ঢাকা রুটে সরাসরি চলাচলকারী এ ফ্লাইটে সাধারণত পাঁচ ঘণ্টার মতো সময় লাগে। সেই হিসেবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা।

স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে তারেক রহমান ও তার সফর সঙ্গীরা তাসিং বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনা প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।

প্রধানমন্ত্রীর চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর মধ্যে ১৩টি দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উভয় সকারের বিভিন্ন মিনিস্ট্রি টু মিনিস্ট্রি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও তিনটি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ও চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে। আর একটি এমওইউ হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি। অর্থাৎ বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকা রাজনৈতিক দল বিএনপি এবং চীনের ক্ষমতাধর রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান। প্রথমে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চীনের দালিয়ানে যান। বুধবার রাতে সেখান থেকে থেকে বেইজিং যান।

আরও পড়ুন

×