উহান থেকে দেশে ফিরছে ৩১৬ বাংলাদেশি
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ২২:১৮ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ২২:২৪
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মূল কেন্দ্র চীনের উহান শহরে আটকা পড়া ৩১৬ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটযোগে শনিবার দেশে ফিরছে।
সকালে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বিজি ৭০০২ ফ্লাইটযোগে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
চীন থেকে আসা বাংলাদেশিদের মধ্যে ৩০১ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন শিশু রয়েছে। খবর ইউএনবির
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে জানান, চীনে বসবাসরত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আমরা প্রস্তুত। চীন সরকারকেও আমরা এটি জানিয়েছি। তারা অনুমতি দিয়েছে...এখন আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে পারব।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, ফেরত আসতে যাওয়া কোনো বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হননি বলে চীন সরকার নিশ্চিত করেছে।
উহানে থাকা ৩৬১ বাংলাদেশিকে নিয়ে আসতে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ ঢাকা ছেড়ে যায়।
উহান থেকে দেশে ফেরার পর স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না বাংলাদেশি শিক্ষার্থীরা। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হবে কুর্মিটোলা হজ ক্যাম্পে। সেখানে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর কোয়ারেন্টাইন ব্যবস্থায় তাদের রাখা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ দিন পর্যন্ত তাদের সেখানে রাখা হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৪০০-৫০০ বাংলাদেশি শিক্ষার্থী উহানে আছেন।
চীনে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সর্বশেষ শুক্রবার পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। এছাড়া দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের সাহায্যে একটি হটলাইন নম্বর +(৮৬)-১৭৮০১১১৬০০৫ খুলেছে।
- বিষয় :
- করোনাভাইরাস
- চীন
- বাংলাদেশি
