সচেতনতা বাড়িয়ে তামাকের ব্যবহার অর্ধেক করা সম্ভব: বাণিজ্যমন্ত্রী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২২ | ১৩:২৬ | আপডেট: ১৩ মে ২০২৩ | ০৮:৪০
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তামাকজাত দ্রব্যের ব্যবহারে স্বাস্থ্য, জাতীয় অর্থনীতি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সরকার তামাকের ব্যবহার কমাতে কাজ করে যাচ্ছে। এ জন্য আইন প্রণয়ন করা হয়েছে। আইন বাস্তবায়নের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'প্রধানমন্ত্রী ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ গঠনে করণীয়' শীর্ষক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করলে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তামাকশিল্পের সঙ্গে অনেক লোক জড়িত; তাঁদের বিকল্প কাজের সুযোগ দিতে হবে। পাশাপাশি তামাক ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানো খুব জরুরি। সচেতনতা বাড়ানোর মাধ্যমে তামাকের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনা সম্ভব।
ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশন হেলথ সেন্টারের উপপরিচালক মোখলেছুর রহমান। অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খন্দকার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার সৈয়দ মাহফুজুর হক, ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বক্তব্য দেন।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী
- টিপু মুনশি
- তামাকজাত দ্রব্য
