ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ১০ ছাত্রীর

রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ১০ ছাত্রীর
×

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন একই বিভাগের ১০ ছাত্রী। বুধবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলে ওই শিক্ষার্থীরা পৃথকভাবে অভিযোগ দেন। অভিযুক্ত শিক্ষকের নাম আমিরুল মোমেনীন। তিনি গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক। 

বিষয়টি নিশ্চিত করে সেলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, '১০ শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। তারা অভিযোগপত্রে উল্লেখ করেছে, অভিযুক্ত শিক্ষক বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অশোভন অঙ্গভঙ্গি প্রকাশ করেছেন। অনেককে ফেসবুক মেসেঞ্জারে কুরুচিপূর্ণ ভিডিও এবং ছবি পাঠিয়ে নানা রকম বিড়ম্বনায় ফেলেছেন।'

অভিযোগের বিষয়ে জানতে চারুকলা অনুষদে গিয়ে অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি। মেসেজ করে তার সঙ্গে সাক্ষাতের কথা জানালেও তিনি কোনো জবাব দেননি। তার আরেকটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

অভিযোগপত্রে ভুক্তভোগীরা উল্লেখ করেন, অধ্যাপক আমিরুল মোমেনীন চৌধুরী তাদের বিভিন্নভাবে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্ত্যক্ত করেছেন। তিনি কারণে অকারণে তাদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। যার কারণে তারা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছেন।

অভিযোগকারীদের একজন বলেন, 'স্যার নানাভাবে অশালীন অঙ্গভঙ্গি করেন। ছাত্রীদের সঙ্গে কথা বলার সময় শরীরে হাত দেন, গালে হাত দেন। কোনো ছাত্রী গোসল করে ক্লাসে এলে তিনি বাজে মন্তব্য করে কথা বলেন।'

আরেকজন অভিযোগ করে বলেন, 'স্যার ফেসবুক মেসেঞ্জারে আমাকে কুরুচিপূর্ণ ভিডিও পাঠিয়েছেন। তিনি বিভিন্ন সময় আমাকে দেখে নানা রকম ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এতদিন ভয় ও লজ্জায় অভিযোগ করিনি।'

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক এসএম জাহিদ হোসেন বলেন, 'আমি আজ শুনলাম শিক্ষার্থীরা যৌন নিপীড়ন নিরোধ সেলে অভিযোগ দিয়েছে। কিন্তু কোনো শিক্ষার্থী এ পর্যন্ত আমার কাছে লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি।'

ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, 'অভিযোগটি আমরা তদন্ত করব। এ ছাড়া বিষয়টি উপাচার্যকে জানাব।' উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান রাজশাহীর বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

×