ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংবাদ সম্মেলনে বক্তারা

অর্থনীতিতে তামাকের অবদান শূন্য

অর্থনীতিতে তামাকের অবদান শূন্য
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৯ নভেম্বর ২০২২ | ০৬:৪৭

তামাককে অর্থনীতির জন্য সহায়ক মনে করা হয়। এটি একটি ভ্রান্ত ধারণা। বাস্তবে দেশের অর্থনীতিতে তামাক কোম্পানির অবদান অন্তঃসারশূন্য। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে 'জনস্বাস্থ্য রক্ষায় সরকার; বিরোধিতায় তামাক কোম্পানি' শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিমত দেন বক্তারা।

বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্ট, ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির গবেষণায় দেখানো হয়, তামাক খাত থেকে ২২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের বিপরীতে এ খাতে চিকিৎসা ব্যয় হয়েছে ৩০ হাজার কোটি টাকা, যা মোট রাজস্বের চেয়ে আট হাজার কোটি টাকা বেশি।

বক্তারা সরকারের ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. এম খুরশীদ আলম বলেন, 'তামাকে কোনো পুষ্টিকর উপাদান নেই। যা আছে, সবই ক্ষতিকর। এ অবস্থায় সরকার দেশকে তামাকমুক্ত করার উদ্যোগ নিয়েছে। একদিনেই এটি হবে না; ধাপে ধাপে করতে হবে। সমাজে সচেতনতা তৈরি করতে হবে।'

তিনি আরও বলেন, 'ত্বক ও গলা থেকে পায়ুপথের ক্যান্সার- সর্বক্ষেত্রেই তামাকের ভূমিকা রয়েছে। স্ট্রোক, হৃদরোগের প্রধান কারণ তামাক। এটি সিগারেট, জর্দা, সাদাপাতা- যে কোনো ফরম্যাটেই হতে পারে। এ জন্য তামাকের বিরুদ্ধে সামগ্রিক সচেতনতা তৈরি করতে হবে।'

আরও পড়ুন

×