ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চলতি মাসেই বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত: বিইআরসি

চলতি মাসেই বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত: বিইআরসি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩ | ১৪:৫৩ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ | ১৪:৫৩

চলতি মাসের মধ্যেই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।

বিদ্যুতের পাইকারি দাম ১৯.৯২ শতাংশ বৃদ্ধির পর গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে ৬ বিতরণ কোম্পানি। একইসঙ্গে সঞ্চালন চার্জ ১১৭ শতাংশ বৃদ্ধির আবেদন করে পিজিসিবি। এসব নিয়ে রোববার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে গণশুনানি আয়োজন করে বিইআরসি।

শুনানি শেষে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের কমিশনের মেয়াদ রয়েছে ৩০ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেই বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত দিতে চান তারা।

শুনানিতে বিইআরসির কারিগরি মূল্যায়ণ কমিটি গ্রাহক পর্যায়ে ১৫.৪৩ শতাংশ দাম বৃদ্ধির সুপারিশ করেছে। সঞ্চালন মাশুল ১৩.৯৯ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছে।

শুনানিতে বিতরণ কোম্পানি, বিভিন্ন কোম্পানি ও ভোক্তা প্রতিনিধিরা অংশ নেন। এসময় বিইআরসির সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান ও কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিনিয়র সহ-সভাপতি ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে সমন্বয় করার অনেক বিকল্প রয়েছে। সারাবিশ্ব ২০২৩ সালকে মূল্যস্ফীতি চ্যালেঞ্জের বছর মনে করা হচ্ছে। এরকম একটি সময়ে বিদ্যুতের দাম বাড়ানো চরম নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে। এতে সরকারের ক্ষতি হতে পারে।

প্রসঙ্গত, গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। এরপর বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির আবেদন করে বিতরণ প্রতিষ্ঠানগুলো। তারা বলছে, পাইকারি দাম বৃদ্ধির পর খুচরা দাম না বাড়ালে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে।

আরও পড়ুন

×