ইজতেমায় আসা বিদেশিদের কাছে দেশীয় ট্যুরিজমের প্রচারণা চালাচ্ছে পুলিশ
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩ | ০৫:৩৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ | ০৫:৩৫
বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি মেহমানদের নিরাপত্তায় এবার প্রথমবারের মতো নিয়োজিত ছিল ট্যুরিস্ট পুলিশ। এসব পুলিশ সদস্যরা এবার ইজতেমায় আসা বিদেশিদের কাছে দেশীয় ট্যুরিজমের প্রচারণা চালাচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান জানান, ইজতেমায় বাংলাদেশের রিলিজিয়াস ট্যুরিজমকে প্রচার করার জন্য সার্বিক সহযোগিতা করেছে ট্যুরিস্ট পুলিশ। এ ছাড়াও পুলিশের অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও বিভিন্ন তথ্য দিয়ে সেবা প্রদান করেছে ট্যুরিস্ট পুলিশ।
৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৮টি দেশের প্রায় ৫ হাজার ৫২৬ জন বিদেশি ধর্মপ্রাণ মুসলমান টঙ্গী ইজতেমায় অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় পর্বে ৬৪টি দেশের ৮ হাজার ৬০০ জন বিদেশি ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তাদের সার্বিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন চাহিদার সমন্বয় করেছে ট্যুরিস্ট পুলিশ।
বিদেশি মেহমানদের পাসপোর্ট হারানো, মোবাইল হারানো, মোবাইল সিম কার্ড প্রাপ্তি এবং চিকিৎসা সেবায় সহায়তা করেছে পুলিশের এ ইউনিট। বিশ্ব ইজতেমা পরবর্তীতে বিদেশি মেহমানরা বাংলাদেশের কোথাও চিল্লায় যেতে চাইলে বা কোনো ধর্মীয় ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে চাইলে সেখানে ট্যুরিস্ট পুলিশ প্রয়োজনীয় ক্ষেত্রে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাবস্থা নিয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান।
তারা যাতে ট্যুরিস্ট পুলিশের সহায়তা পেতে পারে সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশের হটলাইন নম্বর (০১৩২০-২২২২২২ ও ০১৮৮৭-৮৮৭৮৭) সম্বলিত কার্ড তাদেরকে সরবরাহ করে বাংলাদেশের ইসলামিক স্থাপনা ও হেরিটেজ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়েছে।
- বিষয় :
- বিশ্ব ইজতেমা
- ট্যুরিস্ট পুলিশ
- ট্যুরিজম
