করোনা মোকাবিলায় মোদির প্রস্তাবে ঢাকার সমর্থন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি -ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ১২:৩০
করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোকে এক হয়ে শক্তিশালী যৌথ উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জন্য সার্ক নেতাদের মধ্যে ভিডিও কনফারেন্সের প্রস্তাব দিয়েছেন তিনি। তার প্রস্তাবকে বাংলাদেশ সমর্থন জানিয়েছে।
শুক্রবার একাধিক টুইটে এই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, করোনা মোকাবিলায় সার্ক সদস্য দেশের নেতারা উপযুক্ত কৌশল তৈরি করুন। কীভাবে সেই কৌশল বা উপায়ের খোঁজ পাওয়া যেতে পারে, তার উপায় বের করতে তিনি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের আহ্বান জানান।
শুক্রবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদির উদ্যোগকে সমর্থন দেওয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, এখন পর্যন্ত পাকিস্তান ছাড়া সার্কের সব দেশ ভিডিও কনফারেন্সের উদ্যোগকে সমর্থন জানিয়েছে। বাংলাদেশ এতে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। দু-একদিনের মধ্যেই ভিডিও কনফারেন্স হতে পারে।
শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক টুইট বার্তায় লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ অঞ্চলের এবং সারাবিশ্বে বিরাজমান এই সংকট উত্তরণে প্রস্তাবে সাড়া দানকারী নেতাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন।
