ইতালিফেরত ১৪২ জন হজ ক্যাম্পে কোয়ারেনটিনে
চীনফেরতদের রাখা হয়েছিল আশকোনার হজ ক্যাম্পে (ফাইল ছবি)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২০ | ২৩:১৭ | আপডেট: ১৪ মার্চ ২০২০ | ০১:৫৪
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ জন। শনিবার সকাল ৮টায় এমিরেটসের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
এরপর বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয়েছে আশকোনার হজ ক্যাম্পে। সেখানে ১৪ দিন তাদের কোয়ারেনটিনে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, বিমানবন্দরে নামার পর পুলিশ পাহারায় বিআরটিসির কয়েকটি বাসে করে ইতালি ফেরতদের আশকোনা হজ ক্যাম্পে নেওয়া হয়।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা শনিবার রাজধানীর মহাখালীতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বলেন, ‘ইতালির ভেনেটো এলাকার ভেনিস বিমানবন্দর থেকে সকালে ১৪২ জন বাংলাদেশি দেশে পৌঁছেছেন। প্রাথমিকভাবে তাদের পরীক্ষা করা হয়েছে এবং করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি।’
তাদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেনটিনের (রোগ সংক্রমণ রোধের জন্য পৃথক রাখার ব্যবস্থা) জন্য পাঠানো হয়েছে বলেও এ সময় জানান ডা. ফ্লোরা।
এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেনটিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।
সম্প্রতি দেশে তিন জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দেয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ওই তিনজনের মধ্যে দুইজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের কাছে থেকে বাকি একজন করোনায় আক্রান্ত হন। তবে এই তিনজনের মধ্যে দু'জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং একজন এরইমধ্যে বাড়িও ফিরে গেছেন।
- বিষয় :
- ইতালি
- করোনার প্রাদুর্ভাব
