ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিডিবিও-সমকাল আলোচনায় বক্তারা

ডারউইনিজম নিয়ে বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত

ডারউইনিজম নিয়ে বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত
×

ডারউইন দিবস উপলক্ষে রোববার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও সমকাল আয়োজিত আলোচনা সভায় অতিথিরা- সমকাল

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:৩১

জীববিজ্ঞানের ভিত্তি নিঃসন্দেহে ডারউইনিজম। ডারউইনের মূল বিষয় প্রাকৃতিক নির্বাচন। ডারউইন কখনোই বলেননি 'বানর থেকে মানুষ এসেছে'। ডারউইনিজমের বিপক্ষে যা বলা হচ্ছে, তা নিঃসন্দেহে উদ্দেশ্যপ্রণোদিত ও মতলববাজি। শিক্ষিত মহলে যাঁরা বায়োলজি পড়েন তাঁদেরও অনেকে এটি বলেন।
রোববার ডারউইন দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ও সমকাল আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা চার্লস ডারউইনের জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোকপাত করেন ও জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলি উল্লেখ করেন। এ সময় তাঁরা বর্তমানে পাঠ্যবইয়ে ডারউইনের বিবর্তনতত্ত্ব নিয়ে চলমান বিতর্কের বিষয়ও উল্লেখ করেন।

জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র রায় বলেন, যে কোনো বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। যাঁরা ডারউইনের বিরুদ্ধে প্রচারণা করেন, তাঁরা মূলত ভুল করছেন। মানুষ বানর থেকে এসেছে- এটি ডারউইন কখনও বলেননি। তিনি বলেছেন, প্রাকৃৃতিক নির্বাচনের কথা। আমরা বর্তমানে যে বিবর্তনতত্ত্ব পাচ্ছি, তা পুরোপুরি ডারউইনের বিবর্তনতত্ত্ব নয়।

জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ধান, গম, ভুট্টা, আম এসবের এত জাত আগে ছিল না। প্রাকৃতিক নিয়মেই এটা হয়েছে। এটাই প্রকৃতির বিবর্তন এবং এ কথাই ডারউইন বলেছেন। অন্য প্রজাতির বিবর্তন যত সহজে বোঝানো যায়, মানুষের বিবর্তন তত সহজে বোঝানো যায় না। কারণ আগের কেউ এখন বেঁচে নেই।

আলোচনা শেষে জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. সৌমিত্র চক্রবর্তী কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন। সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও জীববিজ্ঞান অলিম্পিয়াড ঢাকা উত্তরের সভাপতি অধ্যাপক ড. হারূন-অর-রশিদ।

আরও পড়ুন

×