ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিডিবিও-সমকাল জাতীয় জীববিজ্ঞান উৎসবের চূড়ান্ত পর্ব শুরু

বিডিবিও-সমকাল জাতীয় জীববিজ্ঞান উৎসবের চূড়ান্ত পর্ব শুরু
×

বিডিবিও-সমকাল জাতীয় জীববিজ্ঞান উৎসব চূড়ান্ত পর্ব উদ্বোধন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩ | ০৪:৪৮ | আপডেট: ১২ মে ২০২৩ | ০৪:৪৮

দেশের শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞানের জ্ঞান ছড়িয়ে দিয়ে একটি বিজ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে নবম বিডিবিও-সমকাল জাতীয় জীববিজ্ঞান উৎসব চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। শুক্রবার সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল। বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও দৈনিক সমকাল যৌথভাবে এর আয়োজন করে। 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস ও জীববিজ্ঞান অলিম্পিয়াডের ঢাকা উত্তরের সভাপতি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে অধ্যাপক অলোক কুমার পাল বলেন, আমরা গর্বিত আমরা এ অনুষ্ঠানের আয়োজক হতে পেরেছি। সব ভালো ছাত্রছাত্রীরাই এখানে এসেছেন। এখান থেকে কিছুসংখ্যক শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন। এই প্রতিকূল আবহাওয়াতেও দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। সবার জন্যই শুভকামনা রইলো।

সবুজ ইউনুস বলেন, গণমাধ্যম হিসেবে তথ্য সংগ্রহ করাই আমাদের মৌলিক দায়িত্ব। পত্রিকা প্রকাশের পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও মুক্তচিন্তাভিত্তিক সমাজ গঠনেও আমাদের দায় রয়েছে। এই মহতী উদ্যোগে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা ভবিষ্যতেও এই উদ্যোগের পাশে থাকবো।

সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন, জাতীয় জীবনের প্রতিটি অংশে বিজ্ঞানের রূপান্তরকে সম্পৃক্ত করতে হবে। আমরা বিজ্ঞানে অনেক এগিয়েছি, কোনো অংশেই আমরা পিছিয়ে নেই। নতুন প্রজন্মের হাত ধরে আমরা বিজ্ঞানে আরও এগিয়ে যাবো।

অনুষ্ঠান শেষে জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রায় ১৩০০ শিক্ষার্থী অলিম্পিয়াডের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যাচাই করা হবে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সেরা ২০জন জাতীয় বায়োক্যাম্পে অংশগ্রহণ করবেন। তাদের মধ্য থেকে চারজনকে বাছাই করে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে পাঠানো হবে। 

অন্যদিকে, আজকের চূড়ান্ত পর্বে এমসিকিউ পরীক্ষার ফলের মাধ্যমে শতাধিক পরীক্ষার্থীকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে। আয়োজনের প্রশিক্ষণ সহযোগী হিসেবে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। কারিগরি সহযোগিতা করেছে ল্যাব বাংলা। পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক। 

আরও পড়ুন

×