সাইবার সুরক্ষায় বিনিয়োগে ভারতের চতুর্থ ধনী হিরানন্দানি’র প্রতি পলকের আহ্বান
মুম্বাইয়ের অলিম্পিয়ায় হিরানন্দানি গ্রুপের প্রধান কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ০৮:১৫ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ০৮:১৯
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডেটা সেন্টার স্থাপনের পাশাপাশি ডেটার নিরাপত্তা ও সাইবার সুরক্ষা এবং আইটি সেবায় আঞ্চলিক আধিপত্য বাড়াতে বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতের চতুর্থ ধনী ব্যক্তি এবং নৈতিক বিজনেস টাইকুন হিসেবে পরিচিত হিরানন্দানি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ড. নিরাঞ্জন হিরানন্দানির প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রতিমন্ত্রী ভারত সফরের প্রথম দিন বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ের অলিম্পিয়ায় হিরানন্দানি গ্রুপের প্রধান কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে তারা ভোক্তা পরিষেবায় সোশ্যাল মিডিয়া, এআর ভিআর সলিউশন, বিনোদন, গেমিং এবং ই-স্পোর্টস প্রযুক্তি শিল্পে আঞ্চলিক আধিপত্য বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।
বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, হিরানন্দানি গ্রুপ ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে যৌথ অংশীদারিত্বে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ অর্জনে ইন্দো-বাংলাদেশ অংশীদারিত্বকেই শক্তিশালী করবে।
বৈঠকে জানানো হয়, এর আগে বাংলাদেশে টায়ার ফোর ডেটা সেন্টার স্থাপন করতে দুই হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছিল ভারতের হিরানন্দানি গ্রুপ। প্রতিষ্ঠানটির ইয়োটা ডেটা সার্ভিস এরই মধ্যে কালিয়াকৈর হাইটেক পার্কে দুটি হাইপার স্কেল ডেটা সেন্টার ভবন স্থাপনের কাজ শুরু করেছে। এই ডেটা সেন্টারে থাকছে ২৮ দশমিক ৮ মেগাওয়াটের বিদ্যুত সক্ষমতা। এই আধুনিক ডেটা সেন্টারটি বাংলাদেশের ডেটা স্টোরেজের ক্রমবর্ধমান চাহিদা এবং একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলের বেসরকারি খাতের সংস্থাগুলোর চাহিদা মেটাবে।
বৈঠকে হিরানন্দি গ্রুপের ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা শ্রী দর্শন হিরানন্দানি, প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার সুনীল গুপ্ত, হেড সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স ভবেশ আধিয়া, হাইপারস্কেল অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের প্রধান (ইন্টারন্যাশনাল) পীযূষ গুপ্ত এবং ইয়োটা ডেটা সার্ভিস প্রাইভেট লিমিটেডের হেড কোলোকেশন রোহন শেঠসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর ভারত সফরের দ্বিতীয় বৈঠক হবে বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সদর দপ্তরে।