ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

কোয়ারেন্টাইনের জন্য সরকারকে ৪৩০টি কক্ষ দিয়েছে ব্র্যাক

কোয়ারেন্টাইনের জন্য সরকারকে ৪৩০টি কক্ষ দিয়েছে ব্র্যাক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৯:২০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার জন্য সরকারকে ৪৩০টি কক্ষ দিয়েছে ব্র্যাক। বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারের এই কক্ষগুলো হস্তান্তর করা হয়।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, 'এই সময়ে বিদেশফেরত সবার জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। রাজধানীর আশপাশে উপযুক্ত পরিবেশে ভালোমানের কোয়ারেন্টাইন সেন্টার থাকলে বিদেশফেরত ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যবোধ করবেন। সেই ভাবনা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই সরকারকে ৪৩০টি কক্ষ দিয়েছে ব্র্যাক।'

ব্র্যাক জানায়, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এতে যুক্ত রয়েছেন এক লাখের বেশি কর্মী, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী। এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে স্থানীয় প্রশাসনের সহায়তায়। এ ছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য এ পর্যন্ত ৬ লক্ষাধিক তরল সাবান, গোসলের সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সুরক্ষা উপকরণ হিসেবে ৫৫ হাজারেরও বেশি সার্জিকাল মাস্ক এবং ৮১ হাজার জোড়া গ্লাভস বিতরণ করা হয়েছে।

ব্র্যাকের মিডিয়া অ্যান্ড এক্সটারনাল অ্যাফেয়ার্স প্রধান রাফে সাদনান আদেল জানান, ব্র্যাক স্বাস্থ্যসম্মত ও কুটির শিল্পভিত্তিক পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য মাস্ক ও পিপিই উৎপাদন শুরু করেছে। এরই মধ্যে প্রায় সাড়ে তিন লাখ পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক এবং দুই হাজার ১৫০টি পিপিই বিতরণ করা হয়েছে। 

তিনি আরও জানান, অতিদরিদ্র পরিবারের কাছে আরও বেশি সহায়তা পৌঁছানোর লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে তহবিল সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক। মাঠপর্যায়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এতে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক, নীতিনির্ধারক ও শিল্পীরা এবং ব্র্যাকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 

আরও পড়ুন

×