ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাজেট স্বল্পতায় ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক টিম পাঠাবে না: ইসি সচিব

বাজেট স্বল্পতায় ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক টিম পাঠাবে না: ইসি সচিব
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:১৬

নিজেদের বাজেট স্বল্পতার কারণে ইউরোপীয় ইউনিয়ন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে পূর্ণাঙ্গ টিম পাঠাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বৃহস্পতিবার সমকালে প্রধান শিরোনাম হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে। এ সংবাদের জের ধরে ইসি সচিব জানান, ইইউর হেড অব ডেলিগেশন ই-মেইলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ই-মেইলটি সিইসির কাছে পাঠিয়েছে। চিঠিতে ইইউর বাজেট স্বল্পতার কথা বলা হয়েছে।  

ইসি সচিব আরও জানান, ওই ই-মেইলে ইইউর হেড অব ডেলিগেশন উল্লেখ করেছেন, জুলাই মাসের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেকহোল্ডারদের সঙ্গে সভা করেছেন ইউ প্রতিনিধিরা। এসব বৈঠক ফলপ্রসূ হওয়ায় ধন্যবাদ জানিয়েছে ইইউ। ই-মেইলে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে তাদের পূর্ণাঙ্গ একটি মিশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানোর বিষয় বিবেচনায় ছিল। তাদের অফিস বাজেট স্বল্পতার কারণে বিষয়টি না মঞ্জুর করেছে বা আপাতত না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ধন্যবাদ জানিয়ে ওই চিঠিতে আরও বলা হয়েছে, সিইসির সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে। 

নির্বাচন নিয়ে চিঠিতে কোনো শঙ্কার কথা আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এই চিঠিতে এ জাতীয় কিছুর উল্লেখ নেই। শুধু তারা অবহিত  করেছেন, পূর্ণাঙ্গ টিম পাঠাবেন না। ছোট দল পাঠাবেন, নাকি এ দেশে যারা আছেন তারাই পর্যবেক্ষণ করবেন তা বলেননি। তারা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন।

আরও পড়ুন

×