জামিলুর রেজা চৌধুরীর কুলখানি শুক্রবার
জামিলুর রেজা চৌধুরী। ছবি: রাজিব পাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০ | ০৬:০১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২০ | ০৬:০৮
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর কুলখানি শুক্রবার অনুষ্ঠিত হবে। মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে পরিবারের বাইরে আর কাউকে কুলখানিতে আমন্ত্রণ জানানো হয়নি।
দেশের বরেণ্য এই শিক্ষাবিদ গত সোমবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার বাদ যোহর জানাজা শেষে তার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নিকটাত্মীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে সমকালকে বলেন, 'জামিলুর রেজা চৌধুরী এমন একজন বিনয়ী মানুষ ছিলেন। তিনি কখনোই চাইতেন না, ওনার কারণে অন্য কেউ কোনো বিপদে পড়ুক। ওনার সেই আদর্শের কথা মনে করেই খুব ছোট পরিসরে নিকটাত্মীয়দের উপস্থিতিতে আগামীকাল (শুক্রবার) বাদ আসর মরহুমের ধানমন্ডিস্থ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। এ কুলখানিতে নিকটাত্মীয়দের বাইরে কাউকে বলা হয়নি।'
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ২০১৮ সালের ১৯ জুন সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় সরকার।
বাংলাদেশে গত কয়েক দশকে যেসব বড় বড় ভৌত অবকাঠামো হয়েছে, তার প্রায় সবগুলোতেই কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন তিনি।১৯৯৩ সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারতবিধি তৈরি হয়েছিল জামিলুর রেজা চৌধুরী তাদের একজন। দেশের প্রথম মেগা প্রকল্প বঙ্গবন্ধু সেতু নির্মাণে ৫ সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান ছিলেন তিনি। আর এখন পদ্মার ওপরে দেশের সবচেয়ে বড় যে সেতু তৈরি হচ্ছে সেই প্রকল্পের আন্তর্জাতিক পরামর্শক প্যানেলেরও নেতৃত্ব দিয়ে আসছিলেন।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পেও বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দিয়ে আসছিলেন একুশে পদকপ্রাপ্ত এই অধ্যাপক।
- বিষয় :
- জামিলুর রেজা চৌধুরী
- কুলখানি
