ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ‘অসুস্থতা’ নিয়ে গুঞ্জন

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ‘অসুস্থতা’ নিয়ে গুঞ্জন
×

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২০ | ১০:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের ‘অসুস্থতা’ নিয়ে গুঞ্জন উঠেছে। গত সোমবার থেকে তিনি অফিস করছেন না। করোনা দুর্যোগের এই সময়ে পরপর দুইদিন তিনি অফিসে না আসায় গুঞ্জন শুরু হয়। 

মঙ্গলবার দিনভর সংবাদকর্মীরা মহাপরিচালকের শারীরিক অবস্থার বিষয়টি জানার চেষ্টা করেন। মহাপরিচালক ‘অসুস্থ’ এই শব্দটির বাইরে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা কিছু বলেননি। এতে করে তার শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন আরও বাড়ে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। কোনো প্রতিবেদনে বলা হয়, তিনি কোয়ারেন্টাইনে আছেন। আবার কোনো প্রতিবেদনে বলা হয়, তিনি বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়টি জানতে মঙ্গলবার রাতে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। তবে এসএমএসে মাধ্যমে তিনি শারীরিকভাবে ঠিক আছেন বলে জানান।

তার অনুপস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘স্যারের শরীর ভালো না। তিনি বাসায় আছেন।’

তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডা. নাসিমা সুলতানা বলেন, মহাপরিচালক অসুস্থ এটিই তিনি জানেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, মহাপরিচালকের ব্যক্তিগত গাড়িচালক করোনা পজিটিভ হয়েছেন। তিনিও পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। তবে সেটির ফলাফল সম্পর্কে ওই কর্মকর্তা অবগত নন বলে জানান।

অপর এক কর্মকর্তা বলেন, মহাপরিচালকের গাড়িচালকের পাশাপাশি তার পরিবারের এক সদস্যও করোনায় আক্রান্ত। তবে মহাপরিচালক আক্রান্ত কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

দেশে করোনা সংক্রমণের পর প্রথমে আইইডিসিআরের ৫ কর্মী আক্রান্ত হন। এরপর প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাসহ অন্যারা কোয়ারেন্টাইনে চলে যান। কোয়ারেন্টাইন মেয়াদ শেষে অফিসে যোগদান করার পরপরই প্রতিষ্ঠানটির ল্যাব কর্মকর্তা ডা. তাহমিনা আক্রান্ত হন। এরপর আবারও তারা কোয়ারেন্টাইনে চলে যান। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অসুস্থতার খবর এলো।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক কমকর্তা বলেন, করোনা পজিটিভ কিংবা নেগেটিভ নিয়ে লুকোচুরি করার কিছু নেই। মহাপরিচালক করোনা পজিটিভ হলে তিনি জানালে তাতে দোষের কিছু নয়। জানালে সবাই উপকৃত হবেন। কারণ তার সংস্পর্শে থাকা অন্যরা কোয়ারেন্টাইনে চলে যাবেন। একইসঙ্গে নমুনা পরীক্ষা করে তাদের সর্বশেষ শারীরিক অবস্থা জানা যাবে। এতে করে রোগটি ছড়িয়ে পড়া রোধ হবে।

আরও পড়ুন

×