ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রতিমন্ত্রী পলক বললেন

কল ড্রপ নিয়ে কোনো মোবাইল অপারেটর ছাড় পাবে না

কল ড্রপ নিয়ে কোনো মোবাইল অপারেটর  ছাড় পাবে না
×

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৫:১৯

কল ড্রপের ফলে গ্রাহকরা হয়রানির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন জানিয়ে আগামী ছয় মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে কল ড্রপের হার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেছেন, জুলাইয়ের ১ তারিখ থেকেই অ্যাকশনে যাব। কল ড্রপের বিষয়ে কোনো মোবাইল অপারেটর ছাড় পাবে না।

রোববার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত মোবাইল অপারেটরদের সেবার মান-সংক্রান্ত বৈঠকে তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী পলক বলেন, সম্প্রতি কল ড্রপ নিয়ে বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদন অনুসারে কোয়ালিটি অব সার্ভিস খুব সন্তোষজনক নয়। আমরা দেখছি, গ্রাহকরা অনেক ক্ষেত্রেই তাদের সেবা নিয়ে সন্তুষ্ট নন। ছয় মাসের মধ্যে কল ড্রপ কমিয়ে আনতে হবে। আমরা নিয়মিত মনিটরিং এবং অডিট করব। বেঞ্চমার্ক যাই থাকুক, কল ড্রপ রেট কাগজে-কলমে যাই থাকুক, আমাদের গ্রাহকের সন্তুষ্টির ওপর জোর দেব।

ফাইভজি মোবাইল সেবা নিয়ে তিনি বলেন, ফাইভজি রোল আউটের একটা নির্দিষ্ট টার্গেট বিটিআরসি এবং চারটি মোবাইল অপারেটরকে দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা– এয়ারপোর্ট, সমুদ্রবন্দর এবং কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক-শিল্পাঞ্চলে ফাইভজি রোল আউট করা। তার পর গ্র্যাজুয়ালি রোল আউট করা।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদসহ গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং টেলিটক অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×