আখাউড়া দিয়ে ফিরলেন আটকে পড়া ১০৬ ভারতীয়
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৪:৩৪ | আপডেট: ২৮ মে ২০২০ | ০৫:৪৭
এই প্রথম লকডাউন চলাকালে ভারত তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাসের উপস্থিতিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে গেছে ১০৬ জন ভারতীয় নাগরিক। করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকা পড়েছিলেন তারা।
স্থল বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে ভারতীয় নাগরিকরা স্থলবন্দরে আসতে শুরু করেন। ঢাকা, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে তারা আখাউড়া স্থল বন্দরে আসেন ভারতে যাওয়ার জন্য। সামাজিক দূরত্ব রক্ষায় পুলিশের পক্ষ থেকে বন্দরের সড়কে গোল চিহ্ন এঁকে দেয়া হয়। তালিকা অনুযায়ী ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করিয়ে একটি দরখাস্ত পূরণের মাধ্যমে (যাদের ভিসার মেয়াদ শেষ) ভারতে যাওয়ার সুযোগ করে দেয়া হয়।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস জানান, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে নেয়া হচ্ছে। ওই প্রক্রিয়ায় বৃহস্পতিবার ভারতের আখাউড়া, করিমগঞ্জ ও ডাউকি সীমান্ত চেকপোস্ট দিয়ে ২৩০ জন ভারতে যাচ্ছেন।
আখাউড়া স্থলবন্দরে ভারতীয় নাগরিকদের সাথে কথা বলেন রীভা গাঙ্গুলী দাস। ভারতে পৌঁছে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দেন তিনি।
ভারতীয় নাগরিকরা তাদের বাড়িতে যেতে পারবে বলে সন্তোষ প্রকাশ করেন এবং আটকেপড়া অবস্থা থেকে উদ্ধারের জন্য তারা ধন্যবাদ জানায় হাইকমিশনারকে।
স্থল বন্দরে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাওয়ার জন্য ১২৯ জনের একটি তালিকা এসেছে। সেই তালিকা অনুযায়ী ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতীয়দেরকে সে দেশে পাঠানো হচ্ছে।
এ সময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া-কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান নেছার আহমদ চৌধুরী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী প্রমুখ।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০৬ জন ভারতীয় নাগরিক নিজ দেশে গেছেন।
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলতি বছরের ২৪ মার্চ ভারত জুড়ে লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। অন্যদিকে ২৬ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যেও ভারতে আটকে পড়া বাংলাদেশিদের নিজ দেশে ফিরে আসতে অসুবিধা হয়নি। কিন্তু বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরার সুবিধা ছিল না। ঢাকার ভারতীয় হাইকমিশন অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে এই প্রক্রিয়া শুরু করেছে। ভারতে লকডাউন ঘোষণার পর আজ আখাউড়া দিয়ে নিজ দেশে ফিরতে শুরু করেছেন ভারতীয়রা।