সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর ওএসডি
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:২৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৩১
সেতু বিভাগের সিনিয়র সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. আলমগীর কবির। এতে বলা হয়, মনজুর হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মনজুর হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২২ সালের ৩ জানুয়ারি সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।
অন্তর্বর্তী সরকারের অধীন গত ৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় যেসব কাজ করেছে, তার একটি বিবরণ প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, অতীত কার্যকলাপ বিবেচনায় ৬ জন সচিব, ৮ জন অতিরিক্ত সচিব, ১০ জন যুগ্ম সচিবকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এই তথ্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আরও কয়েকজনকে ওএসডি করা হয়েছে।
- বিষয় :
- জনপ্রশাসন মন্ত্রণালয়
- ওএসডি
- সেতু বিভাগ
