জর্জ ফ্লয়েড ও নিখিল তালুকদার হত্যার প্রতিবাদ ২৭ সংস্কৃতিজনের
জর্জ ফ্লয়েড ও নিখিল তালুকদার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৫:০৫ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০৫:২৫
গত ২৫ মে যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিস শহরে শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার নির্যাতনে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নিহত হন। এদিকে দেশের গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত ২ জুন পুলিশের পিটুনিতে মৃত্যু হয় নিখিল তালুকদার নামে এক কৃষকের। এই দুই হত্যার প্রতিবাদ জানিয়েছেন আবদুল গাফ্ফার চৌধুরী ও হাসান আজিজুল হকসহ দেশের ২৭ সংস্কৃতিজন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান।
এতে বলা হয়, 'আজ পুরো বিশ্ব যখন কভিড-১৯ নামে এক ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত, যখন করোনা ধনী-গরীব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একই সমতলে নিয়ে এসেছে। করোনাকে পরাস্ত করতে যখন মানুষের ঐক্যের কণ্ঠস্বর শ্রুত দিকেদিকে। ঠিক তখন গণতন্ত্রের ধ্বজাধারী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ এক নাগরিক জর্জ ফ্লয়েডকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় শ্বাসরোধ করে হত্যা করেছে রাষ্ট্রীয় পুলিশ। বিভৎস সেই হত্যাদৃশ্য দেখে পৃথিবী স্তম্ভিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এ চেহারা নতুন নয়। কিন্তু একবিংশ শতাব্দীতে তা আরো প্রকট হয়ে উঠেছে। তার নগ্ন দৃষ্টান্ত শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড। আমরা এই নির্মম হত্যাকাণ্ডে বিশ্ববাসীর মতই স্তম্ভিত ও ক্ষুব্ধ। রাস্ট্রের এই বর্ণবাদী চরিত্রের বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ অতীতের মত রুখে দাঁড়িয়েছে এবং গোটাবিশ্ব আজ এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে এই আন্দোলনে একাত্বতা প্রকাশ করছি। গণতন্ত্র ও মানবিধাকারের স্বঘোষিত মুরব্বি ডোনাল্ড ট্রাম্পের বর্ণবাদবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আস্ফালনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।'
বিবৃতিতে বলা হয়, 'গত ২ জুন বাংলাদেশের কোটালীপাড়ায় নিখিল তালুকদার নামে এক কৃষককে পুলিশের এক সাব ইনেস্পেক্টর নির্মমভাবে হত্যা করে। নিখিলের পিঠের শিরদাঁড়া হাটুদিয়ে চাপ প্রয়োগ করে ভেঙ্গে দেয় এবং নিখিলের মৃত্যু ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সাব ইনস্পেক্টর শামীম হাসান ও সোর্স মো. রেজাউলকে পুলিশ গ্রফতার করেছে। আমরা এই ভয়ানক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।'
এতে আরও বলা হয়, 'আমরা বিশ্বের সকল মানুষের সাথে কন্ঠ মিলিয়ে বিশ্ব হতে বর্ণবাদ, মৌলবাদ, বৈষম্য ও সাম্প্রদায়িকতা উৎখাতের আহ্বান জানাচ্ছি। একই সাথে জর্জ ফ্লয়েড ও নিখিল তালুকদারের হত্যাকাণ্ডের আশু বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।'
বিবৃতি প্রদানকারীরা হলেন, আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবদুস সেলিম, ইনামুল হক, মামুনুর রশীদ, হাবীবুল্লাহ সিরাজী, মফিদুল হক, শফি আহমেদ, নাসির উদ্দীন ইউসুফ, নূরুল হুদা, লাকী ইনাম, সারা যাকের, শিমূল ইউসুফ, মুহাম্মদ সামাদ, রাজু আলাউদ্দিন, গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, হাসান আরিফ, কামাল বায়েজীদ, আহকাম উল্লাহ, তারিক সুজাত ও তারানা হালিম।