সিভিএফ এর বিশেষ দূত আবুল কালাম আজাদ
মো. আবুল কালাম আজাদ- ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১২:৩৬
জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রাক্তন মুখ্য সচিব ও প্রাক্তন মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ। রোববার সিভিএফ ম্যানেজিং পার্টনার, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বোর্ড প্রেসিডেন্ট বান কি মুন এবং সিভিএফের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. আবুল কালাম আজাদ ২০১৬ সালে প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ পান। তার আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিশ্বব্যাংকের স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিষয়ক কর্মসূচীগুলোর দায়িত্ব পালনেও নিজের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন আজাদ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৮টি দেশ নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ফোরাম সিভিএফ বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর অবস্থান তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের আগে সিভিএফ প্রতিষ্ঠিত হয়।