শিক্ষক-কর্মচারী জোটের সংবাদ সম্মেলন
নন-এমপিও সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবি
স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ২০:৫২ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ | ২০:৫৫
বিগত আওয়ামী লীগ সরকারের এমপিও নীতিমালা ২০২১ বাতিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দবিরুল ইসলামের সঞ্চালনায় এতে লিখিত বক্তব্য পড়েন জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জোটের সমন্বয়ক অধ্যক্ষ জাকির হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন স্বীকৃতি পাওয়া সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে ন্যায্য ও যৌক্তিক আন্দোলন করে আসছি। বিগত সরকারের আমলে অনেক প্রতিষ্ঠান বিশেষ ক্ষমতায় এমপিওভুক্ত করা হয়েছে। অথচ সব স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার দাবি ছিল আমাদের। বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘকাল এমপিওভুক্তি না দিয়ে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সব নন-এমপিও প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত ঘোষণা করতে শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ জানান তিনি।
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেন, শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন বিনা বেতনে চাকরি করে পরিবার-পরিজনসহ মানবেতর জীবনযাপন করছেন। এমপিওভুক্তি সমস্যার সমধান করতে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম। দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান, অধ্যক্ষ মজনু মোহাম্মদ প্রামাণিক, অধ্যক্ষ পল্লব কুমার দে, অধ্যক্ষ সালেহউজ্জামান চৌধুরী রাজন, শিক্ষক মো. কবির উদ্দিন, হাওলাদার মো. আবুল কালাম আজাদ, ফয়সাল ইবনে মোস্তফা, শাহনাজ ইসলাম মুক্তা, প্রধান শিক্ষক মো. পনির উদ্দিন প্রমুখ।
- বিষয় :
- শিক্ষাপ্রতিষ্ঠান
- এমপিওভুক্তি
