ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০৮ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১০
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে চলা বিশ্ব ইজতেমায় আমীর হোসেন (৬৫) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
জানা গেছে, আমীর হোসেনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায়। সোমবার দিবাগত রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় মারা যান তিনি। পরে ভোরে ফজরের নামাজের পর তার জানাযা হয়।
এদিকে, আজ মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। জিকির-আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও।
ইজতেমার এই ধাপে অংশ নিয়েছেন সারাদেশের অন্তত ২২ জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থিদের ইজতেমা।
