এসএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৭.২১ শতাংশ
মাইলস্টোন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ১৮:১০
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে ১ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ১৮১৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৭.২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৬৩ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। পাস করেছে ১ হাজার ৫৫২ জন। পাসের হার ৯৮ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ৬৫৫ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২২৮ জন শিক্ষার্থী। পাস করেছে ২১০ জন। মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফলাফলের ব্যাপারে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘এটি একটি গৌরবময় অর্জন যা সমন্বিত প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে। এটি আমাদের পরীক্ষার্থীদের মেধা, শ্রম ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।’
তিনি বলেন, ‘গঠনমূলক একাডেমিক কার্যক্রম, পাঠোন্নতির নিয়মিত পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সচেতনতার ফলেই মাইলস্টোন কলেজ ধারাবাহিকভাবে সেরা ফলাফল অর্জন করতে পারছে।’ উপযুক্ত কর্মপরিকল্পনাও দিকনির্দেশনার কারণে এ ফলাফলের জন্য অধ্যক্ষ মাইলস্টোন কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান।
- বিষয় :
- এসএসসি
- মাইলস্টোন কলেজ
