সীমিত পরিসরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ০৪:২৪
করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সীমিত পরিসরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাধাচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন দিবস ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান-২০২০ কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, জাতির পিতা আমাদের একটি দেশ দিয়ে গেছেন। এই দেশকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। মুজিববর্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহস্রাধিক বৃক্ষরোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান উপাচার্য।
এসময় উপাচার্য আরও বলেন, আমরা ক্যাম্পাসে বনজ, ফলদ, ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের সমন্বয়ে দেশের দ্বিতীয় বলধা গার্ডেন তৈরি করবো। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণারও সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষে জীববৈচিত্র সংরক্ষণ, সৌন্দর্য বর্ধন ও ল্যান্ডস্কেপিংয়ের জন্য ৫০ লাখ টাকার বাজেট রয়েছে।