জনপ্রশাসনের থেমে থাকার সুযোগ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৫:৩৩
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিটি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে। মন্ত্রণালয়সমূহ অনেক কাজেই এই মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেমে থাকার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন অনুবিভাগের প্রধানদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, 'করোনাকালে কিছুক্ষেত্রে সীমিত পরিসরে হলেও আমাদের অধিক সর্তকতা ও গতিশীলতার সঙ্গে কাজ করতে হয়েছে ও হচ্ছে। জনপ্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গতিশীল মন্ত্রণালয়। এই সংকটকালেও আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে হয়েছে।'
তিনি আরও বলেন, 'করোনা পরিস্থিতির মধ্যে আমরা নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে অভ্যস্ত করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের বাস্তবায়ন হয়েছে, ফলে আমরা এই সংকটকালেও অনেক নিরাপদে থেকে কাজ করে যেতে পারছি। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বাংলাদেশকে এই সক্ষমতার জায়গায় আনতে পেরেছিলেন বলেই আজ আমরা প্রতিকূলতার মাঝেও আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছি। সারাবিশ্ব যখন একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে অত্যন্ত সাবলীলভাবে কাজ করে যাচ্ছি।'
ভবিষ্যতে জনগণকে আরও দ্রুত ও কার্যকরভাবে সেবা প্রদানের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অর্থবহভাবে ও সক্রিয়তার সঙ্গে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের (বিয়াম) মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক, মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের প্রধানরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
- বিষয় :
- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ফরহাদ হোসেন