দুবাই বিমানবন্দরে লাগেজ বদল
চার বছর পর আদালতের রায়ে ফেরত পেল দেড় কোটি টাকার স্বর্ণ
ফাইল ছবি
শহিদুল আলম
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ | ২৩:২৯ | আপডেট: ২৯ জুলাই ২০২৫ | ১৭:২৭
চার বছর আগে দুবাই বিমানবন্দরে লাগেজ বদল হয় ভিএসকে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ভারতীয় বংশোদ্ভূত ভিসাঙ্ক সঞ্জয় কোথারির। তার লাগেজে ছিল ২২৫৭.১৮৬ গ্রাম স্বর্ণ, যার বাজার মূল্য দেড় কোটি টাকা। ভুল করে তার লাগেজ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন প্রবাস ফেরত শাহজাহান মিয়া। এতেই বিপত্তি বাধে তার। বিমানবন্দরের স্ক্যানার মেশিনে ধরা পড়ে সেসব স্বর্ণ; যা জব্দ করে কাস্টমস অফিস। তাকে আটক করে কারাগারেও পাঠানো হয়।
পরে লাগেজে থাকা ওই স্বর্ণ ক্রয়ের একটি ইনভয়েজের সূত্র ধরে মুক্তি মেলে শাহজাহানের। পুলিশ ইনভয়েজে থাকা ইমেইলে যোগাযোগ করে জানতে পারেন স্বর্ণ মূলত ভারতীয় বংশোদ্ভূত ভিসাঙ্ক সঞ্জয় কোথারির। লাগেজ বদলে তা খোয়া যায়, এ বিষয়ে দুবাই পুলিশে অভিযোগও করেছেন তিনি। তবে এ ঘটনায় ভুলবশত ফেঁসে যান দুবাই ফেরত শাহজাহান মিয়া। ঘটনাটি ঘটে ২০২১ সালের ১৫ নভেম্বর। তখন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি)/২৫ডি ধারায় মামলা করেন ঢাকা কাষ্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা কে এম রেদওয়ানুল ইসলাম।
পরবর্তীতে তার মুক্তির পর ২০২২ সালের ২৭ এপ্রিল বিষয়টি নিয়ে দৈনিক সমকালে ‘এক পুলিশ কর্মকর্তার তদন্তে রক্ষা পেলেন প্রবাস ফেরত শাহজাহান’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর দীর্ঘদিন পর ২০২৫ সালের ১৪ জুলাই আদালতের রায়ে ওই দেড় কোটি টাকার স্বর্ণ ফেরত পান ভারতীয় বংশোদ্ভূত ভিসাঙ্ক সঞ্জয় কোথারি।
পুলিশ জানায়, ওই ব্যবসায়ী স্বর্ণ ফেরত পেতে দুবাইয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত, ঢাকায় বাংলাদেশি দুবাই রাষ্ট্রদূতসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। এসব রাষ্ট্রদূত অফিস থেকে কর্মকর্তারা বিমানবন্দর থানায় যোগাযোগ করেন। পরে আদালতের নির্দেশে তাকে দেড় কোটি টাকার স্বর্ণ ফেরত দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান শেখ (বর্তমান পুলিশ পরিদর্শক) সমকালকে বলেন, দীর্ঘ প্রায় চার বছর পর ওই স্বর্ণ প্রকৃত মালিককে ফেরত দেওয়ার নির্দেশ দেন আদালত। এ বিষয়ে ৯ জুলাই একটি আদেশ জারি করেন আদালত। পরে ১৪ জুলাই ঢাকা কাষ্টমস কর্মকর্তারা স্বর্ণের প্রকৃত মালিককে তা বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কাষ্টমস হাউজের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন, দুবাই ডিপলোমেটিক অ্যাফেয়ার্স অফিসার ক্যাপ্টেন বিডার আল জাফিন এবং ভারতীয় বংশোদ্ভূত ভিসাঙ্ক সঞ্জয় কোথারি।
- বিষয় :
- স্বর্ণের বার
- দুবাই
- প্রবাসী
