ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এস আলমের স্ত্রীসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

ভুয়া বিলে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে

এস আলমের স্ত্রীসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা 
×

সাইফুল আলম মাসুদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ২১:১২ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ | ২১:৩৩

ভুয়া বিল তৈরি করে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের স্ত্রী ফারজানা পারভীনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক সহকারী পরিচালক আসাদুজ্জামান বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এ দিন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতির মাধ্যমে পণ্য কেনাবেচা না করে ভুয়া বিল তৈরি করে ব্যংকের ৯৫০ কোটি আত্মসাত করেন। অন্য আসামিরা হলেন, নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মার্কেট মাস্টার এনালাইজার চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, নাবিল গ্রুপের এমডি মো. শাহ আলম, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মুনিরুল মওলা, ডিএমডি মুহাম্মদ কায়সার আলী, মো. সিদ্দিকুর রহমান, ইভিপি ও সাবেক শাখা ব্যবস্থাপক মো. মোজাহিদুল ইসলাম, এভিপি ও সাবেক অপারেশন ম্যানেজার মো. কাইয়ুম সিকদার, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মো. জহুরুল হক, এফএভিপি মো. আব্দুল কাইয়ুম, বিশেষ বিনিয়োগ উইংয়ের ডিএমডি মাহমুদুর রহমান, সাবেক এসভিপি মো. নাজমুল হুদা সিরাজী, ঢাকা সেন্ট্রাল জোনের এফএভিপি মো আলমগীর হোসেন, সিআইডি-১ এর এভিপি মো. কামরুজ্জামান, ডিপি মো. মমতাজউদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ্ উদ্দিন ও এস আলম ভিজিটেবল ওয়েলের এমডি শহিদুল আলম প্রমুখ। 

সাবেক চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে মামলা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লাক মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল কমিশনের ঢাকা-১ কার্যালযে মামলা করা হয়। এজাহারে বলা হয়, চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৫ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামের ৪৯টি ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ অস্বাভাবিক লেনদেনের করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে মামলা: অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজের ভোগ দখলে রাখার অভিযোগে মামলা করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক মো. রাকিবুল হায়াত বাদি হয়ে মামলাটি দায়ের করেন। 

আরও পড়ুন

×