চাকসু নির্বাচন
সমাজবিজ্ঞান কেন্দ্রে ‘ছাত্রীদের মেলা’
চাকসু নির্বাচনে ভোটপ্রদানের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা। ছবি: সমকাল
শৈবাল আচার্য্য, চবি থেকে
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৩:৫১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ | ১৫:২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণে সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। ৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে যেন ছাত্রীদের মেলা বসেছে এই কেন্দ্রে।
সরেজমিন এই কেন্দ্রের প্রায় কক্ষের সামনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেক ছাত্রীকে। তাদেরই একজন শামসুন নাহার হলের ছাত্রী সুমাইয়া জাহান সমকালকে বলেন, ‘চাকসু নির্বাচনকে ঘিরে আজ যেন প্রাণের মেলা বসেছে। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকলেও খারাপ অনুভব হচ্ছে না। পছন্দের প্রার্থীকে ভোট উন্মুখ হয়ে আছে আমার মতো অনেকেই।’

আরেক ভোটার অতীশ দীপঙ্কর হলের ছাত্রী ফারজানা আক্তার বলেন, ‘দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অন্যরকম ভালো লাগছে। সত্যি ভোট দেওয়ার অনূভুতিটা অনেক আনন্দের ছিল।’
নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবিরসহ ১৩টি প্যানেল থেকে ৯০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ১৬ হাজার ৮৪ জন এবং নারী ভোটার ১১ হাজার ৩২৯ জন। পাঁচটি অনুষদের ১৫টি ভোটকেন্দ্রের ৬০টি কক্ষের ৬৮৯টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে।
