বেপরোয়া গতির যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে রাস্তা
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ০৭:২৩
| প্রিন্ট সংস্করণ
দেশে বিভিন্ন সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে বেপরোয়া গতির বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। আহত হয়ে অনেকে চিরতরে পঙ্গুত্ববরণ করছেন। গতকাল বুধবার ছিল জাতীয় সড়ক নিরাপত্তা দিবস। সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি দেশজুড়ে সাড়ম্বরে পালিত হয়। এ দিনই আগের রাত থেকে সারাদেশে বিভিন্ন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনার প্রতিটির পেছনেই আছে বেপরোয়া গতির যানবাহন।
ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে সড়কে কর্তব্য পালনের সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে নাজমুল হক (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক জেলার পাকুন্দিয়া থানার চরমান্দারকান্দি এলাকার রাজু মিয়ার ছেলে। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
ভৈরব হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান জানান, ঘাতক ট্রাকটি খুঁজতে পুলিশ কাজ করছে।
গতকাল বিকেলে ভৈরবে বেপরোয়া গতির ট্রাকের চাপায় মারা গেছেন জিসান মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী। ঢাকা-সিলেট মহাসড়কে নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে। জিসান পৌর শহরের লক্ষ্মীপুর তাঁতারকান্দি এলাকার রোকন মিয়ার ছেলে।
কমলগঞ্জ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে কাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় কমিউনিটি প্যাট্রল গ্রুপ (সিপিজি) সদস্য সিরাজ মিয়া (৬৫) প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার ভোরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়। কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, ঘাতক গাড়িটি চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী
নগরীর শাহ মখদুম থানার সিটিহাট এলাকায় গতকাল দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)। পুলিশ জানায়, ওই দুই মোটরসাইকেল আরোহী চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গ্রামীণ ট্রাভেলসের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত অপরজন মারা যান রামেক হাসপাতালে। পুলিশ বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
নওগাঁ
মান্দা উপজেলায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন, আহত হন আরও চারজন। গত মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া এলাকায় মিলনের ইটভাটাসংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন–মান্দা উপজেলার গণেশপুর গ্রামের মো. তুহিন (২০) এবং মো ইয়ামিন (২০)।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকায় গতকাল বিকেলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক মারা গেছেন। নিহতরা হলেন–মিজানুর রহমান ও শিহাব আলী।
সিদ্ধিরগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় জাবের হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুণ্ডা চেয়ারম্যান অফিসসংলগ্ন ক্যানেলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাবের ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। পুলিশ ঘাতক অটোরিকশাটি শনাক্ত করতে পারেনি।
রংপুর
রংপুরের তারাগঞ্জে উল্টো পথে আসা বেপরোয়া গতির বাসের চাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মুরাদ পরিবহনের বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছে।
রংপুর এক্সপ্রেস থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর বনানীতে রংপুর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে মো. জীবন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে তাঁর লাশ বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা-সংলগ্ন রেললাইন থেকে উদ্ধার করা হয়। মৃতের বাড়ি কুমিল্লার নাসিরনগরে। একই দিন ভোরে খিলগাঁওয়ে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
(সমকাল প্রতিবেদক, ব্যুরো, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো তথ্য)
- বিষয় :
- যানবাহন পারাপার
