রুই-কাতলাদের আড়াল করতে অভিযানে পূর্বানুমতির শর্ত: টিআইবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০ | ১০:২৩
স্বাস্থ্যখাতের 'রুই কাতলাদের' আড়াল করতে হাসাপতালে অভিযানে পরিচালনার আগে অনুমতি নেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন সরকার। দুর্নীতিবিরোধী গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ অভিযোগ করেছে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শুক্রবার এক ভিডিও বিবৃতিতে বলেন, 'পূর্বানুমতির শর্ত না দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দেওয়া যেতে পারে, আইনের অপব্যবহার না করে কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে হবে। কিন্তু প্রতিটি অভিযানের আগে অনুমতির মানে হচ্ছে, কর্তৃপক্ষের একাংশ অন্তত ভেবেছেন চুনোপুঁটি ধরে টানাটানি করলে রুই-কাতলা বের হয়ে আসতে পারে। যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ।'
সম্প্রতি বিভিন্ন হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে স্বাস্থ্যখাতের নানা অনিয়ম সামনে এসেছে। এরপর বিভিন্ন হাসপাতাল অভিযান বন্ধের দাবি তুলেছে। এর মধ্যে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে হাসাপতালে অভিযানের আগে অনুমতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের বলে করোনাকালে সমালোচনার মুখে থাকা স্বাস্থ্যখাতের অনিয়ম আরও বাড়বে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, 'যেসব সরকারি-বেসরকারি হাসপাতাল এ সিদ্ধান্ত নিতে চাপ দিয়েছিল, তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে- এমন আত্মবিশ্বাস তাদের মধ্যে নেই। আইন প্রয়োগকারী সংস্থা তাদের ওপর অর্পিত দায়িত্ব ক্ষমতার অপপ্রয়োগ না করে পালন করতে পারে- এ আস্থাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই। দেশের জনগণের একাংশের মধ্যেও আইন প্রয়োগকারীর সংস্থার ক্ষমতার অপপ্রয়োগ নিয়ে আস্থাহীনতা রয়েছে।'
তিনি আরও বলেন, 'সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় এখন সিল দিয়ে দিয়েছে যে, আস্থা করার মতো প্রতিষ্ঠান আইন প্রয়োগকারী সংস্থা নয়। অভিযানের মাধ্যমে স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতির চিত্র প্রকাশের যে সুযোগ সৃষ্টি হয়েছিল, পূর্বানুমতির শর্ত তাকে প্রতিহত করা ছাড়া অন্যকিছু ভাবা কঠিন।'
- বিষয় :
- টিআইবি
- স্বাস্থ্যখাত
- দুর্নীতি