জয়শঙ্কর বললেন
খালেদা জিয়ার আদর্শ আমাদের অংশীদারত্বকে সঠিক পথ দেখাবে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ২২:৪৯
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, খালেদা জিয়ার আদর্শ ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নকে সঠিক পথ দেখাবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এক্স হ্যান্ডলে এস জয়শঙ্কর লিখেছেন, এই অংশীদারত্বের উন্নয়নের বিষয়ে আমি আস্থা রাখছি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে ভারত।
বুধবার দুপুরে সংক্ষিপ্ত ঢাকা সফরে এসে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর। এ সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ বিএনপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত শোকবার্তা হস্তান্তর করেন জয়শঙ্কর।
ঢাকা সফরের বিষয়ে এস জয়শঙ্কর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত চিঠি তাঁকে হস্তান্তর করলাম। পাশাপাশি তারেক রহমানকে ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।’
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৯ বছরের জীবনের অবসানে তাঁর জন্য শোকস্তব্ধ বাংলাদেশ। শুধু কর্মী-সমর্থক নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী-প্রতিযোগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন।
