জ্বলন্ত প্যারিসে ফুটবল আনন্দ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৬:১৫
আন্দোলনের আগুনে জ্বলছে ফ্রান্স। প্রেমের শহর প্যারিস সেই সহিংসতার কেন্দ্রবিন্দু। বিক্ষোভকারী ও লুটপাটকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রীতিমতো অগ্নিগর্ভ প্যারিস। সেই শহরে আজ মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ তথা বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব। প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও বার্সেলোনার ধ্রুপদি লড়াই কি কিছু সময়ের জন্য হলেও আন্দোলনের দাবানল থামিয়ে ফুটবল আনন্দে মাতাতে পারবে ফুটবলপ্রেমীদের! আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো বড় ক্লাবও। তবে সব ছাপিয়ে ফুটবলপ্রেমীদের নজর থাকবে প্যারিসে।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে রক্ষণ নিয়ে চরম বিপাকে বার্সেলোনা। দুই ডিফেন্ডার জুলেস কুন্দে ও এরিক গার্সিয়াকে আজকের ম্যাচে পাচ্ছে না। গার্সিয়া তো ২৫ অক্টোবর ‘এল ক্ল্যাসিকো’তেও খেলতে পারবেন না। সমস্যাটা হয়ে গেছে গার্সিয়া ও কুন্দে একসঙ্গে চোটে পড়ায়। চলতি মৌসুমে এ দুজনই বার্সায় রাইটব্যাক হিসেবে খেলছেন। জোয়াও ক্যানসেলো ও জাভি এস্পার্ত লেফটব্যাক হিসেবে খেলেন। ফর্মে না থাকা আলেহান্দ্রো বালদেও লেফটব্যাক। এখন বাধ্য হয়ে তাদের মধ্য থেকে একজনকে রাইটব্যাক হিসেবে খেলাতে হতে পারে কোচকে। চোটে পড়া গার্সিয়া সেন্টারব্যাক হিসেবেও খেলতেন। চোটের কারণে আগে থেকেই বাইরে আছেন আরেক সেন্টারব্যাক আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন। এখন সেন্টারব্যাক হিসেবে কোচের হাতে আছেন কেবল পাউ কুবার্সি ও জেরার্দ মার্তিন। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় আজ প্রয়োজনে দুই মিডফিল্ডার রদ্রি ও ফ্রাঙ্কি ডি ইয়াংয়ের মধ্যে একজনকে রক্ষণে খেলাতে পারেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
চলতি মৌসুমে গোলের বন্যা বইয়ে দিয়ে ১১ ম্যাচে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে বার্সা। তবে মাত্র চারটিতে জাল অক্ষত রাখতে পেরেছে তারা। তাই পিএসজির বিপক্ষে রক্ষণই তাদের প্রধান দুশ্চিন্তা। আক্রমণভাগ অবশ্য অক্ষত আছে। দুরন্ত ফর্মে থাকা লামিনে ইয়ামাল গত ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে চোখ জুড়ানো গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন। আন্তর্জাতিক বিরতিতে চোটে পড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাও মাঠে ফিরেছেন। এর মধ্যে ইয়ামালকে আটকানোর উপায় নাকি পেয়ে গেছেন পিএসজি কোচ লুইস এনরিকে।
স্প্যানিশ এ কোচের মতে, বার্সা ফরোয়ার্ডকে অকার্যকর করে রাখার সেরা উপায় হবে বল নিজেদের দখলে রাখা। ইয়ামালকে বিশ্বসেরাদের একজন বলেছেন পিএসজি মিডফিল্ডার ভিতিনহা। তাঁকে আটকানো নিয়ে পর্তুগিজ এ তারকা বলেন, ‘সে বিশ্বের সেরা একজন ফুটবলার, এটা অস্বীকার করব না। এখন সে যা করছে, সেটা অবিশ্বাস্য। তার মতো ফুটবলারের বিপক্ষে খেলা সব সময়ই উপভোগ্য। জানি লামিনে বিশেষ একজন, তবে বার্সার পুরো দলই দুর্দান্ত। তাদের আটকাতে হলে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে।’
- বিষয় :
- পিএসজি
- বার্সেলোনা