ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-১৩ আসনে বৈধ ৪, বাতিল ৩, পরে সিদ্ধান্ত হবে তিনজনের

ঢাকা-১৩ আসনে বৈধ ৪, বাতিল ৩, পরে সিদ্ধান্ত হবে তিনজনের
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ১২:০৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর তিনজনের সিদ্ধান্ত পরে হবে বলে জানিয়েছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থী ও তার প্রতিনিধির উপস্থিতিতে এমন সিদ্ধান্ত দেন।

তিনি বলেন, ঢাকা-১৩ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে চারটি বৈধ, চারজনের মনোনয়নপত্র বাতিল ও তিনজনের প্রার্থিতার বিষয়ে দুপুরে সিদ্ধান্ত দেওয়া হবে।

বৈধ হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন ও ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া।

অবৈধ বা বাতিল হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান।

এছাড়া খেলাফত মজলিসের মো. মামুনুল হক ও বিএনপি প্রার্থী (এনডিএম এর সাবেক চেয়ারম্যান) ববি হাজ্জাজ ও আমজনতার দলের রাজু আহমেদের মনোনয়নপত্রের ছোটখাটো ত্রুটি সংশোধন সাপেক্ষে দুপুরের পর সিদ্ধান্ত দেবেন রিটার্নিং কর্মকর্তা।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

×