ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিটিআরসির দাবি

চার কারণে এক এনআইডিতে একাধিক হ্যান্ডসেট নিবন্ধন

চার কারণে এক এনআইডিতে একাধিক হ্যান্ডসেট নিবন্ধন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬ | ২৩:১৫

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর পর অনেকের এনআইডিতে একাধিক হ্যান্ডসেট নিবন্ধন দেখা গেছে। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, এটা সিস্টেমের কোনো ত্রুটি নয়। সংস্থাটির মতে, চার কারণে নিবন্ধিত হ্যান্ডসেটের সংখ্যা বেশি আসছে। 

জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী সমকালকে বলেন, অভিযোগ পাওয়ার পর একাধিক কেস স্টাডি নিয়ে যাচাই করে দেখেছি। এতে এনইআইআর সিস্টেমের কোনো ত্রুটি চোখে পড়েনি। চারটি কারণে এই ঘটনা ঘটতে পারে। 

তিনি জানান, একজন গ্রাহকের হ্যান্ডসেটের আইএমইআই নম্বরের সঙ্গে এনআইডি সমন্বয় হয়েছে সিমের মাধ্যমে। এখন একজন গ্রাহক তার সিমটি ব্যবহারের সময় যত সংখ্যক সেটে প্রবেশ করিয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছেন, তা যতই কম সময়ের জন্যই হোক, ওই সেটটি তার এনআইডিতে নিবন্ধিত দেখাবে। দ্বিতীয়ত, অনেকে পুরোনো সিম কিনেছেন। আগের মালিক ওই সিম যতগুলো সেটে ব্যবহার করেছে, সব নিবন্ধিত দেখাবে। তৃতীয়ত, যেসব মোবাইল ফোন ব্যবসায়ী অবৈধ মোবাইল বেচাকেনা করেন। তারা এনইআইআর চালুর আগে তাদের অবৈধ সেটগুলো নেটওয়ার্কে যুক্ত করে বৈধ করতে হয়তো গ্রাহকের ক্লোন সিম ব্যবহার করতে পারেন। সে জন্যও অতিরিক্ত হ্যান্ডসেট একজনের এনআইডিতে নিবন্ধিত দেখাতে পারে। চতুর্থত, দুর্বৃত্তরা অনেক গ্রাহকের অগোচরেই তাদের সিম ক্লোন করে ভিওআইপিসহ নানান কাজে ব্যবহার করে। সে কারণেও নিবন্ধিত সেটের সংখ্যা বাড়তে পারে। 

বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, যেসব ঘটনা ঘটেছে, এসব মিথ্যা না। এসব আগেই ছিল। কিন্তু আমরা জানতে পারিনি। এনইআরআই চালুর পর এই সত্যগুলো আমাদের সামনে উন্মোচিত হয়েছে। গ্রাহকদের এসব নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা সব ঘটনা যাচাই করে ব্যবস্থা নিচ্ছি। শিগগিরই সমস্যাগুলো দূর হবে। 

হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে গত বৃহস্পতিবার থেকে চালু হয় এনইআইআর। কর ফাঁকি, অবৈধ ও নকল সেট দেশে আসা ঠেকানো এবং অপরাধ দমনের জন্য এই পদ্ধতি চালু করা হয়েছে বলে দাবি করছে সরকার। 

বিটিআরসি বলছে, এনইআইআর চালুর ফলে অবৈধভাবে দেশে আসা ফোন আর নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। পাশাপাশি বিদেশ থেকে অবৈধভাবে আনা পুরোনো ফোনের ব্যবসাও বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন

×