আশুলিয়া হত্যা মামলার রায় যে কোনোদিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৭:৪১
| প্রিন্ট সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এ মামলার রায় অপেক্ষমাণ রেখেছেন। ফলে যে কোনো দিন এ রায় ঘোষণা করা হবে।
মামলার ১৬ আসামির মধ্যে কারাগারে থাকা আটজনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন– ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আব্দুল মালেক, শেখ আবজালুল হক, আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল চোকদার। আসামি এসআই শেখ আবজালুল হক নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
চানখাঁরপুলের মামলার রায় ২৬ জানুয়ারি
জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি ধার্য করা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল এ আদেশ দেন।
এদিন এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে বিচারপতি জানান, রায় লেখা প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে ২৬ জানুয়ারি রাখা হলো। এ মামলায় আসামি আটজন। এর মধ্যে গ্রেপ্তার চারজন, বাকিরা পলাতক।
বাবা হত্যার বিচার চাইলেন ছেলে
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে করা মামলায় প্রথম সাক্ষী দিয়েছেন শহীদ গঙ্গাচরণ রাজবংশীর ছেলে বিশ্বজিৎ রাজবংশী। জবানবন্দিতে বাবা হত্যার বিচার চান তিনি। এর আগে ট্রাইব্যুনাল-১-এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এ মামলার চার আসামির মধ্যে দুজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
- বিষয় :
- বিচার শুরু
