ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোহিঙ্গা সহায়তায় ১০ লাখ ডলার দিল নরওয়ে

রোহিঙ্গা সহায়তায় ১০ লাখ ডলার দিল নরওয়ে
×

রোহিঙ্গা ক্যাম্প। ছবি-সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:২০

মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবার জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদানের মাধ্যমে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখল নরওয়ে। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গার সহায়তায় এ অর্থ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে দেওয়া হয়েছে। রোববার ইউএনএইচসিআর বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এই অর্থায়ন ২০২৫-২০২৬ সালে ইউএনএইচসিআরের বৈশ্বিক বাজেটে সহায়তার অংশ হিসেবে এসেছে। ২০২৫ সালে মানবিক তহবিল কমে যাওয়ায় ইতোমধ্যে অগ্রাধিকার নির্ধারণ করা কঠিন হয়ে গেছে এবং প্রয়োজনীয় সেবা কমাতে হয়েছে। এর ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঝুঁকি আরও বেড়েছে।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইজেন বলেন, সংকটের নবম বছরে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুস্থভাবে বেঁচে থাকা এবং আশা টিকিয়ে রাখতে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আন্তর্জাতিক সহায়তা দরকার। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালদ গুলব্রান্ডসেন বলেন, নরওয়ে এবং ইউএনএইচসিআর শরণার্থী সুরক্ষার ক্ষেত্রে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে, যা অধিকারভিত্তিক, নীতিগত, বহুপক্ষীয় এবং ভবিষ্যৎমুখী। এই কর্মসূচির মাধ্যমে শরণার্থীদের রান্নার জন্য পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ করা হয়, যা লাকড়ির ওপর নির্ভরতা কমায়। এর ফলে ক্যাম্পের আশপাশের প্রাকৃতিক পরিবেশের ওপর চাপ কম পড়ে। একই সঙ্গে নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হয়, বিশেষ করে নারী ও শিশুদের জন্য।

বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে ইউএনএইচসিআর ও তার অংশীদাররা রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় ২০২৬ সালের হালনাগাদ করা যৌথ সাড়াদান পরিকল্পনা (জয়েন্ট রেসপন্স প্ল্যান, জেআরপি) চালুর প্রস্তুতি নিচ্ছে। ২০১৭ সাল থেকে নরওয়ে সহায়তা হিসেবে পাঁচ কোটি ৫২ লাখ মার্কিন ডলারের বেশি অনুদান দিয়েছে।

আরও পড়ুন

×