ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ তৈরির পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী

প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ তৈরির পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
×
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২১:১৩

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

সোমবার সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ী প্রতিযোগীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়েরা দেশের গর্ব ও সম্পদ। তাদের অর্জনের যথাযথ স্বীকৃতি দিতে হবে।

জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানান মন্ত্রী।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এদিকে সোমবার সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী সিলেট নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আরও পড়ুন

×