বাবা-মায়ের সঙ্গে পূজা দেখতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের
প্রতীকী ছবি
যশোর অফিস
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২২:১৯
বাবা-মায়ের সঙ্গে দুর্গাপূজা দেখতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাই-বোনের। সোমবার সন্ধ্যা ৬টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানের সঙ্গে গরুবোঝাই নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। দুর্ঘটনায় নসিমনের চালক আব্দুল মজিদ (৪৫) ও এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপে যাচ্ছিলেন সাধন কুমার। পথে ফুলতলা এলাকায় যাত্রীবাহী অটোভ্যানটির সঙ্গে গরুবোঝাই নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের বাবা-মা ও নসিমনের চালক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা বর্তমানে ভালো। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- যশোর
- সড়ক দুর্ঘটনা
- নিহত দুই